‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’, মন্তব্য এনসিপি নেত্রী মাহমুদা মিতুর
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের পর বাড়িটির পুড়ে যাওয়ার দুটি ছবিও প্রকাশ করেন তিনি।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’
এর আগে বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারীশক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন